Logo

চরফ্যাশন হাসপাতালে ৫ লাখ টাকার কাজে একটি বাল্বও লাগানো হয়নি

profile picture
জেলা প্রতিনিধি
ভোলা
১১ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৫
চরফ্যাশন হাসপাতালে ৫ লাখ টাকার কাজে একটি বাল্বও লাগানো হয়নি
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ লাখ টাকার বরাদ্দের কাজ হলেও সেখানে একটি বাল্বও লাগানো হয়নি বলে অভিযোগ করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগের কথা জানান।

নুরুল ইসলাম নয়ন বলেন, ‘আমি শুনেছি ৫ লক্ষ টাকার কাজে একটা বাল্বও লাগানো হয়নি। আমি নিজেই কষ্ট পেলাম। মানুষের জন্যই এই টাকাটা বরাদ্দ। সাধারণ মানুষ উপজেলা পর্যায়ের হাসপাতালে এসে চিকিৎসা নেন। আমরা পুরোপুরি ডকুমেন্টস পেলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে জবাবদিহিতার মুখোমুখি করার চেষ্টা করবো।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, চরফ্যাশন হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। পাশাপাশি হাসপাতালটিতে আরও চিকিৎসক ও জনবল প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, ‘হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি, তাদের দাবি জানাতে। তাহলে আমরা সে অনুযায়ী চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করে নুরুল ইসলাম নয়ন বলেন, শুরু থেকেই এ বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। এবারের পরিদর্শনে আগের তুলনায় পরিবর্তন দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সংখ্যক নার্স ও ভালো মানের বেড দরকার বলে জানান।

তিনি বলেন, ‘আশা করছি উপজেলা পর্যায়ের হাসপাতালের মধ্যে চরফ্যাশন হাসপাতালটি বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে, সেই চেষ্টায় করছি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ যেন অযথা রোগীদের সেবায় বাধা না দেন—এমন অনুরোধের বিষয়টি উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং চরফ্যাশন হাসপাতালের টিএস আশরাফুল ইসলাম সুমনসহ অন্যরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD