তীব্র স্রোতে নিখোঁজ যুবক, তিনদিন পর মিলল মরদেহ

তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পর ২২ বছর বয়সী আরমান ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নদীর ভাটিতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়দের সহযোগিতায় তা উদ্ধার করে পরিবারের সদস্যরা। ঘটনাটি নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া এলাকায়। নিহত আরমান ইসলাম ওই গ্রামের হালিমের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, গত বুধবার দুপুরে কয়েকজনের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নামেন আরমান। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নদীতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেন। ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করলেও পানির ঘোলাটে অবস্থা ও তীব্র স্রোতের কারণে আরমানের সন্ধান পাওয়া যায়নি। পরে একপর্যায়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
তিন দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার বিকেল ৪টার দিকে নদীর ভাটিতে কয়েকজন স্থানীয় বাসিন্দা পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে আরমানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নদী থেকে যুবকের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, তিস্তার তীব্র স্রোতের কারণে নিখোঁজ হওয়ার পরপরই আরমানকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনদিন পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, তিস্তায় গোসল করতে গিয়ে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।








