মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলের সব শ্রেণির গ্রাহক গ্যাস সংকটে পড়বেন।
বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল হক জানান, বিশ্বরোড এলাকায় থাকা পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক এলাকার জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। এ কাজের অংশ হিসেবেই মঙ্গলবার নির্ধারিত সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
তিনি বলেন, পৃথক গ্যাসলাইন স্থাপন করা হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ বাড়বে। একই সঙ্গে আবাসিক গ্রাহকদের গ্যাস-সংকটও কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বাখরাবাদ গ্যাসের এই কর্মকর্তা আরও জানান, নির্ধারিত সময়ের আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ করা সম্ভব হলে পরিস্থিতি অনুযায়ী আগেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হতে পারে।
বিজ্ঞাপন








