Logo

নদীভাঙনে দুর্ভোগ, কোমরসমান পানি মাড়িয়ে মুদি দোকানির শেষ বিদায়

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৩
নদীভাঙনে দুর্ভোগ, কোমরসমান পানি মাড়িয়ে মুদি দোকানির শেষ বিদায়
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচর উপজেলায় কোমরসমান পানি পেরিয়ে এক ব্যক্তির মরদেহ জানাজার মাঠে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নদীভাঙন ও মেঘনার জোয়ারের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় এমন দুর্ভোগে পড়েন মৃত ব্যক্তির স্বজনরা।

বিজ্ঞাপন

গত ১১ সেপ্টেম্বর ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নম্বর আলগী দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের মুদি দোকানি ইসমাইল গাজী। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে জানাজার সময় বিপাকে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেঘনা নদীর জোয়ারের পানি ও নদীভাঙনের কারণে ইসমাইল গাজীর দোকানের সামনের অংশ থেকে বাবুল মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কটি পুরোপুরি পানিতে ডুবে আছে। ফলে স্বজনরা বাধ্য হয়ে কোমরসমান পানি মাড়িয়ে কাঁধে করে মরদেহ জানাজার মাঠে নিয়ে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় যুব ঐক্য পরিষদের সদস্যসচিব শিমুল অধিকারী সুমন বলেন, জীবিত অবস্থায় যেমন দুর্ভোগ ছিল, মৃত্যুর পরও একজন মানুষকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি উঁচু করে স্থায়ীভাবে সংস্কার করতে হবে। তাদের মতে, সড়কটি সংস্কার করা হলে ভবিষ্যতে আর কাউকে এ ধরনের দুর্ভোগের মুখে পড়তে হবে না।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, উপজেলা উন্নয়ন বরাদ্দ থেকে সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। তা সম্ভব না হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলমান বা নতুন প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD