বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান, সমস্যা সমাধানের আশ্বাস

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি বন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের চলমান কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও বন্দরের বিদ্যমান সীমাবদ্ধতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় পানি নিষ্কাশন ব্যবস্থা, হাসপাতালসহ বন্দরের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা হয়। চেয়ারম্যান এসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বন্দরের উন্নয়ন ও সেবার মান বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিদর্শনের সময় চেয়ারম্যান বিভিন্ন শেড ও ইয়ার্ডে পণ্য ওঠানামা, সংরক্ষণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের বাস্তব চিত্র দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বন্দরের চলমান কার্যক্রম ও সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য নেন এবং অবকাঠামো উন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
বিজ্ঞাপন
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের স্থলপথের বাণিজ্যের বড় একটি অংশ পরিচালিত হয়। এ কারণে বন্দরের পণ্য ব্যবস্থাপনা, অবকাঠামো, পানি নিষ্কাশন, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়ন বন্দর ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) আনিছুর রহমান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন, ঢাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসান আলী, প্রকল্প পরিচালক (ডিপিডি) সিদ্দিকুর রহমান, বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলীসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে চেয়ারম্যান বন্দরের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা এবং ব্যবসায়ী, শ্রমিক ও বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।








