Logo

প্রধান শিক্ষকদের নেতৃত্বগুণে আদর্শ বিদ্যালয় গড়ার আহ্বান ডিসির

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১২
প্রধান শিক্ষকদের নেতৃত্বগুণে আদর্শ বিদ্যালয় গড়ার আহ্বান ডিসির
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেছেন, শিক্ষার হার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সংখ্যা বাড়ার পাশাপাশি কারিকুলামও আধুনিকায়ন হচ্ছে। তবে এসব অগ্রগতির সঙ্গে শিক্ষার মূল উদ্দেশ্য কতটা অর্জিত হচ্ছে, তা গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। শুধু পরীক্ষায় ভালো ফলাফল বা সার্টিফিকেট অর্জন নয়, শিক্ষার মাধ্যমে মানুষের আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ শহরের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অংশ নেন।

জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে দোষারোপ না করে তাদের প্রতি আমাদের দায়িত্ব ও ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করতে হবে। তরুণদের সম্মান করতে শেখাতে হলে প্রথমে তাদের সম্মান দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, শিক্ষকরা একজন শিক্ষার্থীর জীবন পরিবর্তনের পাশাপাশি সহকর্মীদের পেশাগত উৎকর্ষ বাড়ানো এবং পুরো প্রতিষ্ঠানকে আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একজন প্রধান শিক্ষককে শুধু প্রশাসনিক প্রধান হিসেবে নয়, একজন নেতা হিসেবেও দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষার মান নির্ধারণে শুধু পরীক্ষার ফলাফল, জিপিএ বা বৃত্তি অর্জনকে একমাত্র মানদণ্ড না করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীরা বাস্তবে কী শিখছে, তাদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ কতটা বিকশিত হচ্ছে—এসব বিষয়ও বিবেচনায় নিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে পাঠ্যক্রমের পাশাপাশি বিজ্ঞানচর্চা, বিতর্ক, শিল্প-সংস্কৃতি, চিত্রাঙ্কন, খেলাধুলা, কুইজসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা চিহ্নিত ও বিকাশের সুযোগ তৈরি হবে। এসব কার্যক্রমের জন্য বড় ধরনের অর্থের প্রয়োজন নেই; প্রয়োজন উদ্যোগ, আন্তরিকতা ও দায়িত্ববোধ।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় প্রধান শিক্ষকেরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা, শিক্ষণ পদ্ধতি এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং ময়মনসিংহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD