Logo

তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫২
তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। নতুন এই কূপ থেকে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কূপটি থেকে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সদর উপজেলার সুহিলপুর এলাকায় তিতাসের ২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয় গত বছরের ১৫ ডিসেম্বর। প্রায় সাড়ে পাঁচ মাসের কাজ শেষে ২৭ মে খনন সম্পন্ন হয়। পরে ১৯ জুন থেকে কূপটি দিয়ে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়। এরই মধ্যে কূপটি থেকে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস সরবরাহ করা হয়েছে বলে জানানো হয়েছে।

কূপটির প্রকল্প পরিচালক জসিম উদ্দিন মুন্না জানান, ২৮ নম্বর কূপের ওয়েলহেড শাট-ইন প্রেসার ৩ হাজার ৬০০ পিএসআই এবং ফ্লোয়িং প্রেসার ২ হাজার ১০০ পিএসআই। বর্তমানে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। দীর্ঘ সময় ধরে কূপটি থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ২৯টি কূপ খনন করা হয়েছে। তিতাসের ২৮ নম্বর কূপ থেকে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের উদ্যোগকে সেই কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, এ ধরনের ছোট ছোট উদ্যোগ ২০৩০ সাল নাগাদ দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে সহায়তা করবে। নতুন কূপের গ্যাস সরবরাহ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD