Logo

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানী-নাতনির মর্মান্তিক মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩১
ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানী-নাতনির মর্মান্তিক মৃত্যু
প্রতীকী ছবি।

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুকুরপাড়ে নাতনিকে নিয়ে হাঁটতে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হয়েছেন নানী ও নাতনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে দেড় বছরের শিশুটির মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নানীরও মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মঞ্জুরুল হক।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু আদিবার মা গার্মেন্টসে কর্মরত। তাই দেড় বছরের আদিবা নানী সুমারি খাতুনের (৬২) সঙ্গে ওই এলাকায় বসবাস করত। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে নানী তার নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে হাঁটতে যান।

সেখানে অজান্তেই ভিমরুলের আক্রমণের শিকার হয় শিশু আদিবা। নাতনিকে বাঁচাতে এগিয়ে গেলে ভিমরুলের আক্রমণের শিকার হন নানী সুমারি খাতুনও। এতে দুজনই গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে স্বজন ও স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশু আদিবাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নানী সুমারি খাতুনেরও মৃত্যু হয়।

নানী ও নাতনির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD