তিস্তার পানি বাড়ছে, পাঁচ জেলায় প্লাবনের শঙ্কা

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি সমতল বাড়তে শুরু করেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু এলাকায় তিস্তার পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী দুই দিন এসব নদ-নদীর পানি সমতল বাড়তে পারে। তবে তৃতীয় দিন থেকে পানি কমে আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কেন্দ্রের তথ্য অনুযায়ী, দক্ষিণ উড়িষ্যা ও এর কাছাকাছি উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। বর্তমানে এটি উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দিনে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং এসব এলাকার কাছাকাছি উজানে মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হতে পারে। এরপরের দুই দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল কমেছে। যমুনার পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র ও যমুনার পানি সমতল কমতে পারে।
বিজ্ঞাপন
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলও গত ২৪ ঘণ্টায় কমেছে। গঙ্গার পানি আগামী দুই দিন কমে পরবর্তী তিন দিন বাড়তে পারে। পদ্মার পানি আগামী দুই দিন কমে পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিনও এ দুই নদীর পানি সমতল কমতে পারে।








