Logo

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন ও নেতাকর্মীরা

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২৩
প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন ও নেতাকর্মীরা
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ফাইল ছবি

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফর পিছিয়ে আগামী ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সফরকে কেন্দ্র করে জেলার প্রশাসন এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সফর ঘিরে প্রশাসনের একাধিক বৈঠকের পাশাপাশি বিএনপি নেতারাও প্রস্তুতি সভা করছেন। জেলার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবিও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে ফেনীতে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি বিশেষভাবে আলোচনায় রয়েছে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ফেনী সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, ফেনী-বিলোনিয়া রেলপথ পুনরায় চালু করা এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক নাসির খন্দকার জানান, সফরে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জোরালোভাবে তোলা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম জানিয়েছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন।

সফরকে সামনে রেখে পরশুরাম ও ফুলগাজীতে স্থানীয় প্রশাসন ও বিএনপির প্রস্তুতি অব্যাহত রয়েছে। মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে উদ্বোধনী ফলক ও জনসভাস্থল প্রস্তুতের কাজ চলছে। নিরাপত্তা ব্যবস্থাও পরিদর্শন করেছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)।

বিজ্ঞাপন

পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে ফেনী-পরশুরাম প্রধান সড়কের সংযোগস্থলে মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সভাস্থলে বিশুদ্ধ পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামোর প্রস্তুতিও সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া।

ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রথম পর্যায়ে ১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রকল্পটির আওতায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং সেচ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন কাজ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সফরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান এবং সৌরবিদ্যুৎ স্থাপনসহ বিভিন্ন কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন বা কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ফুলগাজীতে প্রধানমন্ত্রীর পারিবারিক কর্মসূচি এবং স্থানীয় নেতাকর্মী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়ের প্রস্তুতিও রয়েছে।

ফুলগাজী সরকারি হাই স্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। স্থানীয় বিএনপি নেতারা সেখানে ফেনীর বিভিন্ন দীর্ঘদিনের দাবিও তুলে ধরবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ফেনী-বিলোনিয়া রেলপথ পুনরায় চালুর দাবিটিও গুরুত্ব পাচ্ছে। বিএনপি নেতাদের মতে, রেলপথটি পুনরায় চালু হলে জেলার উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD