নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সন্ত্রাস-নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লি, আক্তারুল আলম মাস্টার, সাখাওয়াত হোসেন সেলিম, সাখাওয়াত হোসেন সবুজ ও আনোয়ার হোসেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিজ্ঞাপন
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয় এলাকা সরব হয়ে ওঠে। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে রাজবাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন।








