পুত্রবধূ ইয়াবা কারবারে জড়িত থাকায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে পুত্রবধূর বিরুদ্ধে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ ওঠায় ছেলে টুকু মোড়লকে ত্যাজ্যপুত্র করেছেন তার বাবা আজিজ মোড়ল। স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠিত সালিশে বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্তের পর ছেলেকে ত্যাজ্য করার পাশাপাশি নিজের সম্পত্তি তিন মেয়ের নামে দানপত্র করে দেওয়ার কথা জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বন্দকাটি গ্রামের বাসিন্দা টুকু মোড়লের স্ত্রী আকলিমা খাতুনের বিরুদ্ধে ইয়াবা রাখার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ওবায়দুল্লাহ গাজী নামে এক ব্যক্তির ইয়াবার চালান আকলিমার কাছে রাখা হতো। বিষয়টি জানতে পেরে টুকুর বাবা আজিজ মোড়ল স্থানীয়ভাবে সালিশের আয়োজন করেন।
সালিশে আকলিমার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা হয়। স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি এতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সেখানে অভিযোগের বিষয়ে আলোচনা শেষে আজিজ মোড়ল ছেলে টুকু মোড়লকে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য বলেন। তবে টুকু স্ত্রীকে ছাড়তে রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে বিরোধ তৈরি হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে সালিশে ছেলে টুকু মোড়লকে ত্যাজ্যপুত্র করার সিদ্ধান্ত নেন আজিজ মোড়ল। স্থানীয়দের ভাষ্য, এরপর তিনি তার তিন মেয়ের নামে নিজের সম্পত্তি দানপত্র করে দেন।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ছবুর গাজী বলেন, ওবায়দুল্লাহ গাজী টেকনাফ থেকে ইয়াবা এনে এলাকায় সরবরাহ করেন বলে তারা জানতে পেরেছেন। তার দাবি, ওবায়দুল্লাহর ইয়াবার চালান টুকু মোড়লের স্ত্রী আকলিমা খাতুনের কাছে রাখা হতো। বিষয়টি টুকুর বাবা জানতে পেরে সালিশ ডাকেন এবং পরে ছেলেকে ত্যাজ্যপুত্র করেন।
আরেক বাসিন্দা আকবার কবির বলেন, পুত্রবধূর বিরুদ্ধে ইয়াবা রাখার অভিযোগ ওঠার পর টুকু মোড়লের বাবা বিষয়টি নিয়ে সালিশ করেন। ওই সালিশে আকলিমা খাতুনের কাছে ইয়াবার চালান রাখার অভিযোগ নিয়ে আলোচনা হয়। পরে ছেলেকে ত্যাজ্য করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান।
স্থানীয় ইউপি সদস্য লাইলী পারভীন বলেন, টুকু মোড়লের স্ত্রী আকলিমা খাতুনের বিরুদ্ধে ইয়াবা রাখার অভিযোগ ওঠায় আজিজ মোড়ল সালিশ ডাকেন। তিনি ও আরও একজন ইউপি সদস্য সেখানে উপস্থিত ছিলেন। সালিশে অভিযোগের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে আজিজ মোড়ল তার ছেলেকে ত্যাজ্যপুত্র করেন এবং তিন মেয়ের নামে সম্পত্তি দানপত্র করে দেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
তবে ত্যাজ্যপুত্র টুকু মোড়ল বলেন, তার স্ত্রীর প্রতি রাগের কারণে তার বাবা তাকে ত্যাজ্য করার পর্যায়ে গেছেন। স্ত্রী ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।
কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কালিগঞ্জের বন্দকাটি ওবায়দুল্লাহ গাজী মাদক ব্যবসায়ী এটা আমরা জানি। আমরা ইতিমধ্যে তাকে ধরার প্রস্তুতি গ্রহণ করেছি। তার সাথে জড়িত আকলিমা খাতুন, আমিরুল,এনামুল সহ তার সকল সহযোগীদের ধরা হবে। মাদকের বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না।








