মসজিদে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

ময়মনসিংহের নান্দাইলে মসজিদে ৯ বছরের শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে জামায়াত নেতা হেলাল উদ্দিন ওরফে বেলাল মুন্সি (৫৫) বিরুদ্ধে। তিনি উপজেলার শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের (সভাপতি) দায়িত্বে রয়েছেন। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে গিয়ে চড়াও হলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হেলাল উদ্দিন শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলি গ্রামের বাসিন্দা। গত রোববার সকালে সংগ্রামখেলি গ্রামের কোনাপাড়া জামে মসজিদে বরাবরের মতো মক্তবে এলাকার অন্তত ৩০ জন শিশু আরবি পড়তে যায়। মক্তবের পড়া শেষে হেলাল উদ্দিন অন্য শিশুদের ছুটি দিলেও কৌশলে ভুক্তভোগী শিশুটিকে আটকে রাখেন। অন্যান্য শিশুরা চলে গেলে তিনি শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালান।
ভুক্তভোগী শিশুর ভাষ্য অনুযায়ী, হুজুর তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নিপীড়নের চেষ্টা করে এবং জোরপূর্বক তার মুখ চেপে ধরার চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি কোনোমতে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি চলে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনার পরপরই শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি বিস্তারিত জানায়। পরে তার মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করে প্রতিকার চান। তবে ঘটনার তিন দিন পার হয়ে গেলেও পরিবারটি কোনো সুষ্ঠু বিচার পায়নি বলে অভিযোগ উঠেছে। বর্তমানে এলাকা ছেড়ে পালিয়ে রয়েছেন অভিযুক্ত হেলাল উদ্দিন।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন, "এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অপবাদ। এলাকার একটি ডিপটিউবওয়েল ও জমিজমা নিয়ে একটি পক্ষের সঙ্গে বিরোধ চলছিল। ওই পক্ষটি আমার কাছে ১০ লাখ টাকা দাবি করেছিল।"
এ বিষয়ে নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








