দর্শনায় পুলিশকে হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই

চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশের কাছ থেকে হাতকড়াপরা অবস্থায় চণ্ডিপুরের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ছিদ্দিক ওরফে সিদ্দিক মেম্বারকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্দিক মেম্বারকে গ্রেপ্তার ও হাতকড়া উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দর্শনা থানার পুলিশ দর্শনা কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডিপুর হালদারপাড়ায় অভিযান চালায়। এ সময় পুলিশ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সিদ্দিক মেম্বারকে (৫৪) গ্রেপ্তার করে হাতে হাতকড়া পরায়।
অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের পর সিদ্দিকের পরিবারের সদস্যসহ ওই এলাকার কয়েকজন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা করে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। খবর পেয়ে দামুড়হুদা-জীবননগর সার্কেলের এএসপি ও দর্শনা থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এরপর সিদ্দিক মেম্বারকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে চণ্ডিপুর হালদারপাড়ার রবির ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্জয়ের স্ত্রী কণা ও সনজিতের স্ত্রী সোনালীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
তবে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত সিদ্দিক মেম্বারকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং তার হাতকড়াটিও উদ্ধার হয়নি। তাকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন দর্শনা থানার ওসি।
চণ্ডিপুরের একাধিক সূত্র জানায়, আবু ছিদ্দিক ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতা হলেও উপজেলা পর্যায়েও তার রাজনৈতিক প্রভাব ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে চলে যান। পরে কিছুদিন আগে তিনি বাড়িতে ফেরেন।








