Logo

মহিষখোচা স্কুলে ১০ টাকায় মিলছে পুষ্টিকর দুপুরের খাবার

profile picture
উপজেলা প্রতিনিধি
আদিতমারী, লালমনিরহাট
১ অক্টোবর, ২০২৬, ১১:৪১
মহিষখোচা স্কুলে ১০ টাকায় মিলছে পুষ্টিকর দুপুরের খাবার
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা স্কুল এন্ড কলেজে মাত্র ১০ টাকায় শিক্ষার্থীদের জন্য দুপুরের গরম ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব উদ্যোগে চালু করা ক্যান্টিনে স্বল্পমূল্যে খাবার পেয়ে উপকৃত হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অনেক শিক্ষার্থী বাড়ি থেকে দূরে হওয়ায় দুপুরের খাবার সঙ্গে আনতে পারে না। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শ্রেণিকক্ষে তাদের মনোযোগ কমে যাওয়ার পাশাপাশি পুষ্টিহীনতার ঝুঁকিও তৈরি হচ্ছিল। শিক্ষার্থীদের এই সমস্যা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ক্যান্টিন সেবা চালুর উদ্যোগ নেয়।

ক্যান্টিনে শিক্ষার্থীদের জন্য গরম খিচুড়ি, ডাল ও সবজিসহ বিভিন্ন পুষ্টিকর খাবার রাখা হচ্ছে। পাশাপাশি নিয়মিত বিরতিতে ডিম, মাছ বা মাংসের ব্যবস্থা করা হচ্ছে। মাত্র ১০ টাকার বিনিময়ে শিক্ষার্থীরা যাতে মানসম্মত খাবার পায়, তা নিশ্চিত করতে নজর রাখছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সরোয়ার আলম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বল্পমূল্যে দুপুরের খাবারের এই ব্যবস্থা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যেও দেখা দিয়েছে আনন্দ। প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী বলে, বাড়ি থেকে টিফিন না আনলেও এখন আর চিন্তা থাকে না। মাত্র ১০ টাকায় স্কুলেই গরম ও সুস্বাদু খাবার পাচ্ছি।

অভিভাবকেরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানেই স্বল্পমূল্যে পুষ্টিকর খাবারের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি কমার পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির প্রবণতা বাড়তে পারে। এতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও কমতে পারে বলে তাঁদের প্রত্যাশা।

মহিষখোচা স্কুল এন্ড কলেজের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পুষ্টির বিষয়টি গুরুত্ব দিয়ে এ ধরনের ক্যান্টিন পরিচালনা করা হলে তা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুসরণীয় উদ্যোগ হতে পারে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD