Logo

মোল্লাহাটে শিশু মুসলিমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
মোল্লাহাট, বাগেরহাট
১ অক্টোবর, ২০২৬, ১৪:৩২
মোল্লাহাটে শিশু মুসলিমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে সাত বছরের শিশু মুসলিমা হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কচুড়িয়া খাঁ মার্কেট এলাকায় মোল্লাহাট-চিতলমারী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এক ঘণ্টার বেশি সময় ধরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে মুসলিমার শিক্ষাপ্রতিষ্ঠান কচুড়িয়া শেখ হেমায়েত উদ্দিন নূরানী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া কচুড়িয়া বাজার হাজী সাবের মোল্লা মাধ্যমিক বিদ্যালয়, কচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আড়ুয়াডিহি ও নালুয়া এলাকার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরাও কর্মসূচিতে যোগ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা শিশু মুসলিমা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কচুড়িয়া বাজার ঘুরে পুনরায় খাঁ মার্কেট এলাকায় এসে শেষ হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাতে কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি পানের বরজের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় মুসলিমার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রতিবেশী জাহাঙ্গীরের বসতবাড়িতে আগুন দেয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় মোল্লাহাট থানায় মামলা হয়েছে। পুলিশ ওই দিনই তিনজনকে আটক করেছে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD