গাজীপুরে গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের একটি আটতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে ভবনটিতে আটকে থাকা ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে গাজীপুরের ডেগিরচালা এলাকার ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর দুপুর ২টা ৪৫ মিনিটে কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ঘটনাস্থল সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৩টার দিকে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে আগুন নিয়ন্ত্রণের কাজে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধার তৎপরতাও চালানো হয়। এরই মধ্যে ৬৯ জনকে নিরাপদে ভবন থেকে বের করে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।








