সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় গাজীপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্টিক্স গার্মেন্টসের একটি ভবনে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে মেট্টিক্স গার্মেন্টসের সাততলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট নয়টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, সাততলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, মেট্টিক্স গার্মেন্টসের গুদামে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেন। সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তখনও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি।
তিনি জানান, কারখানাটিতে ফেব্রিক্সের গুদাম থাকায় ভেতরে থাকা কাপড় সরিয়ে সরিয়ে আগুনের উৎসস্থলে পৌঁছাতে হচ্ছে। আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও কিছুটা সময় লাগবে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।








