জঙ্গলে কান্নার শব্দ শুনে দৌড়ে যান পুলিশ, ধর্ষণ থেকে রক্ষা পেলেন নারী

ঢাকার সাভারে এক নারী পোশাক শ্রমিককে নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে পাশের জঙ্গল থেকে কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। পরে চিড়িয়াখানার প্রহরীদের সহায়তায় জঙ্গলে তল্লাশি চালিয়ে ওই নারীকে উদ্ধার এবং ঘটনাস্থল থেকে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মিনি চিড়িয়াখানা সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাভার মডেল থানার এসআই মোস্তাকিম বিল্লা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিঅ্যান্ডবি এলাকা থেকে ওই নারী পোশাক শ্রমিককে অনুসরণ করতে থাকে আমিনুল ইসলাম। পরে সাভার মিনি চিড়িয়াখানা এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে ওই নারীর ওপর হামলা চালায় সে। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ঘন জঙ্গলের ভেতরে নিয়ে যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার সময় এসআই মোস্তাকিম বিল্লা মিনি চিড়িয়াখানার গেটের কাছাকাছি এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ পাশের জঙ্গল থেকে কান্নার মতো শব্দ শুনতে পান তিনি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় দেরি না করে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। পরে চিড়িয়াখানার প্রহরীদের সঙ্গে নিয়ে টর্চলাইটের আলোয় জঙ্গলে তল্লাশি শুরু করেন।
এসআই মোস্তাকিম বিল্লা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং টর্চের আলো দেখতে পেয়ে আমিনুল জঙ্গল থেকে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে জঙ্গলের ভেতর থেকে ওই নারীকে নিরাপদে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, আটক আমিনুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর থানার মৃত বাবু শেখের ছেলে। বর্তমানে সে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় বসবাস করে এবং সেখানে হাওয়াই মিঠাই বিক্রি করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলার পর ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








