বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলে আটক

পটুয়াখালীর বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে সাতজনকে ১৯ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আটজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার ধুলিয়া, চন্দ্রদ্বীপ, মঠবাড়িয়া ও মমিনপুরসহ তেঁতুলিয়া নদীর প্রায় ৪০ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত সাতজন হলেন রিপন সিকদার (২৫), মো. জামাল হাওলাদার (২৭), মো. ছালাম খান (৪২), মো. জাকির (১৯), গনি সরদার (২৯), মো. আবুল কালাম (১৯) ও মো. পারভেজ (২৯)। তাঁরা বাউফল, বাকেরগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক সাত জেলেকে ১৯ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অন্যদিকে, অপ্রাপ্তবয়স্ক আটজনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজসহ প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








