ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

আন্ডারপাস নির্মাণের দাবিতে টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ অবরোধ শুরু হয়। এতে মহাসড়কের উভয় লেনে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, হাতিয়া এলাকায় স্কুল-কলেজ, যমুনা কলেজ ও বাজার থাকায় প্রতিদিন অসংখ্য মানুষকে মহাসড়ক পারাপার হতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে। নিরাপদে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে দীর্ঘদিনের প্রয়োজনের কথা তুলে ধরে সেখানে দ্রুত একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানান তাঁরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার জানান, আন্ডারপাস নির্মাণের দাবিতে এলাকাবাসীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের দাবি, হাতিয়া এলাকায় নিরাপদ পারাপারের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ঝুঁকি কমবে। তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা কমাতে দ্রুত আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।








