Logo

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ভারতে ১২ জন

profile picture
উপজেলা প্রতিনিধি
পাটগ্রাম, লালমনিরহাট
১৮ অক্টোবর, ২০২৬, ১৩:১৯
বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ভারতে ১২ জন
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন

রবিবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তাঁদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও দুটি শিশু রয়েছে।

খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন। তাঁদের বাধার মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। স্থানীয় সূত্রের দাবি, ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, তাঁদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, বিএসএফের পুশইন চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে আলোচনার জন্য বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD