চাঁদপুরে মৎস্য খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মৎস্য খামারে মাছের খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরিফ (২২) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন। নিহত ও আহত দুজন সম্পর্কে ভাই। তাঁদের বাড়ি গাইবান্ধা জেলায়।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের মিয়ার বাজার এলাকার মহিউদ্দিন ট্রেডার্স ও মৎস্য খামারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন ও আরিফ দীর্ঘদিন ধরে ওই মৎস্য খামারে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ঘটনার দিন প্রতিদিনের মতো তাঁরা খামারে মাছের খাবার দিতে যান। এ সময় বৈদ্যুতিক ত্রুটির কারণে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসনুবা মরিয়ম আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত আরিফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার বিষয়ে জানতে মৎস্য খামারের মালিক মহিউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়।
বিজ্ঞাপন
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








