খুলনায় চার চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার দুই

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশের অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর রাত ৩টা ৪৫ মিনিটে খালিশপুর থানায় দায়ের করা একটি চুরি মামলার প্রধান আসামি আকবর হোসেন মুন্নাকে (২৬) গ্রেপ্তার করা হয়। বটিয়াঘাটা থানার শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার আলিপুর এলাকার বাসিন্দা। বর্তমানে বটিয়াঘাটা থানার দারোগাভিটা এলাকায় বসবাস করতেন তিনি।
পরে আকবর হোসেন মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৮টা ৫০ মিনিটে বাগেরহাট সদর থানা এলাকার নিজ বাসা থেকে রাব্বি (২০) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় পলাতক আসামি তারিকুল ইসলাম চঞ্চলের (৩০) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আকবর হোসেন মুন্নার দেখানো ও শনাক্তকরণের ভিত্তিতে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে একটি বাজাজ পালসার ১৫০ সিসি, একটি নীল রঙের সুজুকি জিক্সার, একটি লাল রঙের হোন্ডা লিভো এবং একটি নীল রঙের ইয়ামাহা এফজেড ভার্সন ফোর।
পুলিশ জানায়, গ্রেপ্তার আকবর হোসেন মুন্নার বিরুদ্ধে একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।








