Logo

বুড়িচং থেকে শিক্ষা সফরে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ২

profile picture
উপজেলা প্রতিনিধি
বুড়িচং, কুমিল্লা
৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৫
বুড়িচং থেকে শিক্ষা সফরে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ২
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই প্রতিষ্ঠানের বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।

মাদরাসার আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদরাসা প্রাঙ্গণ থেকে দুটি বাসে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তাঁদের বাসটি আগে ছিল। পেছনে থাকা দ্বিতীয় বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

মাদরাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যাওয়ার সময় নিহত দুজন সামনের আসনে বসেছিলেন। পানিতে ডুবে শ্বাস নিতে না পারায় তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মরদেহ দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের স্বজনেরা পৌঁছালে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে।

বিজ্ঞাপন

স্থানীয় অ্যাম্বুলেন্সচালক মোহাম্মদ রাশেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD