Logo

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ কারখানা

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
১৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৭
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ কারখানা
ছবি: সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

তবে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ চালু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শনিবার সকালে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এসব প্রতিষ্ঠানের শ্রমিকরা বন্ধের নোটিশ পেয়ে কর্মস্থলে প্রবেশ করেননি।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে শিল্পপুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, কাজে যোগ দেওয়ার পরও কর্মবিরতি পালনের ঘটনায় আরও ছয়টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ বলে জানা গেছে।

এর আগে কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের একাধিক দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসব সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে আশুলিয়ায় বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম, শ্রমিকদের কর্মসংস্থান এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের নজর এখন শ্রমিক অসন্তোষ নিরসন ও কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগের দিকে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD