সহিংসতার রেশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ

গত ১৫ নভেম্বরের সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে গোপালগঞ্জের জনজীবন। শহরের সড়কে বাড়ছে মানুষের চলাচল, খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। তবে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো পুরোপুরি কাটেনি আতঙ্ক।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলার কোথাও নতুন করে সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত রাখতে জেলা শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন প্রায় ২ হাজার পুলিশ সদস্য, এসআরবি, এপিবিএন এবং আনসারের ১০ প্লাটুন সদস্য। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
রোববারের সহিংসতার পর সোমবার (১৬ নভেম্বর) ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি আরও বাড়ে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। খুলেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকায় শিক্ষার্থীরাও নিয়মিত যাতায়াত করছে।
বিজ্ঞাপন
এতে শহরের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে ফিরছে কর্মচাঞ্চল্য। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় সাধারণ মানুষের চলাফেরায় এখনো সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে নতুন করে সহিংসতা কিংবা নাশকতার ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন সড়কে বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায়ও বাড়তি নজরদারি রাখা হয়েছে।
এর আগে গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সহিংসতা, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে। দিনভর সংঘটিত এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা।
বিজ্ঞাপন
সহিংসতার ঘটনার পর প্রশাসনিক পর্যায়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে বদলি করা হয়েছে। একই সঙ্গে বদলি করা হয়েছে জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে। এ ছাড়া জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অন্যত্র বদলি করা হয়েছে।
সব মিলিয়ে মঙ্গলবার গোপালগঞ্জের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই শান্ত রয়েছে। জনজীবনেও ফিরতে শুরু করেছে স্বাভাবিক গতি। তবে নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ পুরোপুরি দূর না হওয়ায় পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।








