শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার পর পুলিশে দিল ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের সকালে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা ও পরে পুলিশের কাছে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে পরে তাকে স্বাভাবিকভাবে ছেড়ে দেয় পুলিশ।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে। মাহিমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। ওই সময় তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন এবং হিজাব ও নিকাব পরিহিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে: কিশোর সাম্য
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থী জানান, শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখে তার পরিচয় জানতে চাইতে হিজাব ও মাস্ক খুলতে বলেন। এরপর কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দীন বাসিত, শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম, বর্তমান সদস্য সচিব সামছুল আরেফিন এবং অন্যান্য নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা পুলিশের কাভার্ড ভ্যান আটকিয়ে সামনে দাঁড়িয়ে পরিস্থিতি আরও উত্তেজিত করেন।
মাহিমা আক্তার জানান, আমি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলাম। তখন ছাত্রদলের নেতারা এসে আমাকে হেনস্তা করে। আমার সঙ্গে একজন আত্মীয়ও ছিলেন। তারা এসে আমায় হিজাব ও মাস্ক খুলতে বলেছিল।
শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম এই ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি আমার স্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী। তিনি বাইরে আমাদের প্যানেলের হয়ে কাজ করছিলেন। সকাল থেকেই ছাত্রদল গেটের বাইরে ধাক্কাধাক্কি করে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ২০ বছর পর ভোটের ময়দানে জবি, ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ
তিনি আরও বলেন, ছাত্রদলের নেতারা মব সৃষ্টি করেছে। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তারা তা সমাধান করেছেন। তিনি নিশ্চিত করেন, পরিস্থিতি এখন শান্তিপূর্ণ এবং ভোটগ্রহণের প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলবে।








