Logo

দেশে ধর্ষণ ও সহিংসতার বিচারের দাবিতে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩২
দেশে ধর্ষণ ও সহিংসতার বিচারের দাবিতে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ
ছবি: সংগৃহীত

নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি এলাকায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

সমাবেশে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, নির্বাচনের পর জনগণ নতুন সরকারের কাছে আইনের শাসন ও নিরাপত্তা প্রত্যাশা করেছিল। কিন্তু সাম্প্রতিক ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষার অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

বিজ্ঞাপন

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে গণমাধ্যমকে অনুসন্ধানী ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

এজিএস মহিউদ্দিন খান বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং প্রতিটি ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান তিনি। প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে দ্রুত আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছিল জনগণের প্রধান প্রত্যাশা। সাম্প্রতিক ঘটনাগুলোতে সরকারের কার্যকর পদক্ষেপ স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিয়ে তা প্রকাশের দাবি জানান এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD