Logo

ঢাকা কলেজে পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, পোস্টার ঘিরে বিতর্ক

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩ আগস্ট, ২০২৬, ১৬:৪৯
ঢাকা কলেজে পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, পোস্টার ঘিরে বিতর্ক
ছবি: সংগৃহীত

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে ছাত্রদলের একাংশ। সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার দেখা যায়। পরে কলেজ প্রশাসনের উদ্যোগে সেগুলো অপসারণ করা হয়।

বিজ্ঞাপন

কলেজ সূত্রে জানা গেছে, প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লাগানো পোস্টারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ ছিল। পোস্টারগুলোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হলেও পরিস্থিতি শান্ত রাখতে দ্রুত ব্যবস্থা নেয় কলেজ কর্তৃপক্ষ।

পোস্টারিংয়ে অংশ নেওয়া ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির স্থগিত সদস্য শেখ পারভেজ মোশাররফ দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সামাজিক বিভাজন ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে। তার অভিযোগ, এনসিপির রাজনৈতিক অবস্থান এখন মূলত বিএনপিবিরোধী প্রচারণাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটি নতুন রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি থাকা উচিত। কিন্তু প্রতিপক্ষের বিরুদ্ধে ধারাবাহিক প্রচারণা চালিয়ে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ভবিষ্যতেও এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে জনগণই এর জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, পোস্টারিংয়ের তীব্র সমালোচনা করেছে জাতীয় ছাত্রশক্তি ঢাকা কলেজ শাখা। সংগঠনটির সদস্য সচিব সজিব উদ্দিন বলেন, ঢাকা কলেজ কোনো ব্যক্তি বা সংগঠনের একক সম্পত্তি নয়। তাই কাউকে ইচ্ছামতো অবাঞ্ছিত ঘোষণা করার অধিকার কারও নেই।

তিনি অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে যারা এ ধরনের কর্মসূচি দিচ্ছেন, তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন।

একই সঙ্গে তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়েও বিতর্ক রয়েছে, কিন্তু সেসব ক্ষেত্রে একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না।

বিজ্ঞাপন

এদিকে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, পোস্টার লাগানোর বিষয়টি তার নজরে আসার পর তা অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, কলেজ প্রশাসনের লক্ষ্য ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখা। কোনো ধরনের রাজনৈতিক উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, তা প্রশাসন চায় না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২৮ জুলাই গণঅভ্যুত্থানের সংস্কার ও গণভোটের দাবি নিয়ে হবিগঞ্জে ‘জুলাই মার্চ’ কর্মসূচি পালন করে এনসিপি। ওই কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, হামলায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী পরিকল্পিতভাবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে বিএনপির কিছু নেতাকর্মী তার বিরুদ্ধে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণার কর্মসূচি পালন করছেন।

সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD