Logo

নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিকভাবে সুস্থ কি না, প্রশ্ন আবু হানিফের

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
২ আগস্ট, ২০২৬, ২১:৪৯
নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিকভাবে সুস্থ কি না, প্রশ্ন আবু হানিফের
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র আবু হানিফ। তার দাবি, গত কয়েক মাসে নাসীরুদ্দীন ধারাবাহিকভাবে ঔদ্ধত্যপূর্ণ ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র-জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, কয়েক দিন আগে নাসীরুদ্দীন পাটওয়ারী কিশোরগঞ্জে এসেছিলেন। কিশোরগঞ্জের রাজনৈতিক পরিবেশ বরাবরই সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক। কিন্তু এখানে এসে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, নাসীরুদ্দীনের ধারাবাহিক বক্তব্য শুনে মাঝে মাঝে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন জাগে। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তার মানসিক সুস্থতার বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে আবু হানিফ বলেন, এটি শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভই জুলাই গণঅভ্যুত্থানে প্রকাশ পেয়েছে। এর ভিত্তি তৈরি হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে।

তিনি বলেন, ২০১৮ সালের আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন হয়েছে। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে ছাত্র-জনতা রাজপথে নেমে আসে। এর মধ্য দিয়েই শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে।

বিজ্ঞাপন

আবু হানিফ বলেন, গণঅভ্যুত্থানের দুই বছর পরও পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা বিভিন্নভাবে তৎপরতা দেখাচ্ছে এবং বিদেশ থেকে হুমকি-ধমকি দিচ্ছে। তবে ৫ আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কবর রচিত হয়েছে এবং তাদের ফিরে আসার সুযোগ নেই।

বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সহযোগী ছিল, তাদের সরকারের বিরুদ্ধে বারবার উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র ছয় মাস হয়েছে, তাই সরকারকে কাজ করার সময় দিতে হবে। জামায়াত ও এনসিপির উসকানিমূলক ও সংঘাতপূর্ণ বক্তব্য নিষিদ্ধ আওয়ামী লীগকে উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আবু হানিফ বলেন, গ্যাস সংকট, লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। এসব বিষয়ে সরকারকে দ্রুত নজর দিতে হবে। সাধারণ মানুষ ভোগান্তির প্রতিবাদে যেকোনো সময় রাজপথে নামতে পারে বলেও সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি মুখলেছুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে এবং সহসভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানসহ অন্যরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD