Logo

বাংলাদেশের ভোটার হলেন জাইমা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৪:১৫
বাংলাদেশের ভোটার হলেন জাইমা রহমান
তারেক রহমানের কন্যা জাইমা রহমান । ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান আজ (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন

তিনি তার মায়ের সঙ্গে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে ছবি তোলার পাশাপাশি আঙুলের ছাপ ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাইমা রহমান ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে ভবন ত্যাগ করেন। এর আগে, দুপুর ১২টা ২৭ মিনিটে তাকে নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান তার মা ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ডা. জুবাইদা রহমান। সেই সময় তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয় এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রও (স্মার্টকার্ড) প্রদান করা হয়।

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে তিনি বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকা জুড়ে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান।

এরপর গত ২৬ ডিসেম্বর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সম্মান জানান। আজ তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওসমান হাদির কবরও জিয়ারত করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD