ভোটার হিসেবে নিবন্ধন করলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার আনুষ্ঠানিকভাবে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
বিজ্ঞাপন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ভোটার হিসেবে নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছান তিনি। দুপুর সোয়া ১টায় তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করান।
এর আগে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছেন, তারেক রহমান অনলাইনে ভোটার নিবন্ধনের ফরম পূরণ করেছেন।
বিজ্ঞাপন
এনআইডি বিভাগের মহাপরিচালক বলেন, তথ্যাবলী স্ক্যানের পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করবে এবং কোনো মিল না থাকলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমানের এনআইডি নম্বর জেনারেট হবে। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়, কোন হিউম্যান হস্তক্ষেপ নেই। এরপর তিনি আমাদের কাছ থেকে বা মোবাইলের মাধ্যমে এসএমএসে এনআইডি নম্বর ডাউনলোড করতে পারবেন।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, ভোটার তালিকা আইনের আওতায় তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। তিনি সকল প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই, ছবি এবং আঙুলের ছাপ প্রদানসহ আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন করেছেন।

কমিশন জানিয়েছে, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী তারা যেকোনো যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করতে সক্ষম এবং তারেক রহমানের প্রক্রিয়া সাধারণ নাগরিকদের মতোই সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা। তবে কমিশনে আগমনের আগে তারেক রহমান বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন। সকাল ১১টার পর তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করেন।
এবার ভোটার হিসেবে নিবন্ধনের মাধ্যমে তারেক রহমানের রাজনৈতিক কার্যক্রম আরও আনুষ্ঠানিক ও সংহত রূপ নেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। এখন তিনি ভোটার এবং এনআইডি প্রাপ্ত হিসেবে সরকারি দৃষ্টিকোণ থেকে পূর্ণ নাগরিক অধিকার ও নির্বাচনী প্রক্রিয়ার অংশীদার হয়েছেন।
বিজ্ঞাপন
বিএনপির রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এই নিবন্ধনের মাধ্যমে তারেক রহমানের ভোটাধিকার নিশ্চিত হওয়ায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার ভূমিকা আরও দৃঢ় হবে এবং দলের কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে।








