মহাখালীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, আটক ৪

রাজধানীর মহাখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে মিছিলের প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগও উঠেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে বনানী থানার আওতাধীন মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আসলাম মিয়া (২৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আশিকুল ইসলাম (২৪), ঢাকার দারুস সালাম এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেন (৪৮)।
পুলিশ জানিয়েছে, আটক আসলাম মিয়া ও আশিকুল ইসলাম সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। তারা ওই কলেজের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের ভাষ্য, মহাখালী এলাকায় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে প্রায় ৩০ থেকে ৪০ জন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়।
এ সময় মিছিলকারীদের কয়েকজন নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান বলে অভিযোগ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামতও জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনায় ককটেল বিস্ফোরণের আলামত জব্দ করা হয়েছে এবং চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।








