সোহরাওয়ার্দী হাসপাতালে আনসারের অভিযানে তিন দালাল আটক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা। পরে আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। শেরেবাংলা নগর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুন-অর-রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাসপাতালের ৬৩৭ নম্বর ওয়ার্ডের সামনে রোগীদের রক্তের নমুনা সংগ্রহের সময় তিনজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা হাসপাতালের বৈধ কর্মকর্তা বা কর্মচারী নন। তাদের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে অসহায় রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ছাড়া বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে এনে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় বিস্তারিত যাচাই হবে।
আটক ব্যক্তিরা হলেন—আবু বক্কর সিদ্দিক (৪৮), পিতা মো. রফিকুল ইসলাম, ঠিকানা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; মোছা. মাহমুদা খাতুন (৪০), স্বামী ওস্তম আলী, ঠিকানা ক্যাম্পের বাজার, মোহাম্মদপুর; এবং মোছা. মনিকা (৩০), পিতা মোস্তফা, ঠিকানা আজিজ মহল্লা, মোহাম্মদপুর।
অভিযানে নেতৃত্ব দেন শেরেবাংলা নগর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুন-অর-রশিদ। তাকে সহযোগিতা করেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু ও এপিসি মো. শফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
হাসপাতালের সার্বিক নিরাপত্তা এবং রোগীদের স্বার্থ রক্ষায় আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনসার কর্তৃপক্ষের ভাষ্য, গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা, রোগী ও সেবাপ্রার্থীদের স্বার্থ রক্ষা এবং অনিয়ম প্রতিরোধে তাদের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।








