জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত অটোরিকশাচালক

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শেরেবাংলা নগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম জানান, জাদুঘরের ১ নম্বর গেটের সামনে অজ্ঞাত ব্যক্তিরা দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে সেখানকার কাছাকাছি অবস্থান করা এক অটোরিকশাচালক স্প্লিন্টারের আঘাতে আহত হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শাহীনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
বর্তমানে আহত শাহীন ঢামেক হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে ককটেল নিক্ষেপ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আহত শাহীন ওরফে আরিফ মোল্লার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।








