নাহিদের রিট খারিজ, কাইয়ুমের প্রার্থিতা বহাল রাখল হাইকোর্ট

বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন নির্বাচনে ড. এম এ কাইয়ুমের অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটটি দায়ের করেছিলেন ঢাকা-১১ আসনের প্রার্থী, ১১ দলীয় জোটের প্রতিনিধি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আদালতে নাহিদ ইসলামের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। অপরদিকে, ড. এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।
বিজ্ঞাপন
রিট আবেদনে অভিযোগ করা হয়, বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন, যা নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থিতার অযোগ্যতা সৃষ্টি করে। এ যুক্তিতে তার প্রার্থিতা স্থগিতের নির্দেশ চাওয়া হয় এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়। তবে আদালত প্রাথমিক শুনানিতেই রিটটি গ্রহণযোগ্য নয় মর্মে খারিজ করে দেন।
উল্লেখ্য, এর আগেই নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।
ঢাকা-১১ আসনে এবারের নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এম এ কাইয়ুম, ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মো. নাহিদ ইসলাম (শাপলা কলি), ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ (হাতপাখা), জাতীয় পার্টির শামীম আহমেদ (লাঙ্গল), গণঅধিকার পরিষদের আরিফুর রহমান (ট্রাক), গণফোরামের আবদুর কাদের, বাংলাদেশ রিপাবলিকান পার্টির জাকির হোসেন (হাতি), এনপিপির মিজানুর রহমান (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বিথী (ফুটবল)।
বিজ্ঞাপন
রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন, নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
হাইকোর্টের এ আদেশের ফলে ঢাকা-১১ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট রূপ পেল এবং ড. এম এ কাইয়ুমের নির্বাচনী প্রচারণা চালাতে আর কোনো আইনি জটিলতা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।








