Logo

মোসাব্বির হত্যা: শুটার রহিমকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০৫
মোসাব্বির হত্যা: শুটার রহিমকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত
ছবি: সংগৃহীত

রাজধানীর পশ্চিম তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার মো. রহিম ওরফে ‘শুটার’ রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে, এই মামলায় এর আগে গ্রেপ্তার ‘শুটার’ জিন্নাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে সে জানিয়েছে, মোসাব্বিরকে গুলি করেছে রহিম।

বিজ্ঞাপন

এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় হত্যার সত্যতা নিশ্চিত হয়েছে। রিমান্ডে আসামিকে জিজ্ঞাসা করে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার, মূল হোতাদের চিহ্নিতকরণ এবং অর্থ লেনদেনের উৎস খুঁজে বের করার প্রয়োজন রয়েছে।

গত ৭ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে পশ্চিম তেজতুরী বাজারের হোটেল সুপার স্টারের পাশের গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমানকে লক্ষ্য করে গুলি চালায়।

এতে মোসাব্বিরসহ দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত সুফিয়ান বেপারী মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পরদিন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD