১২৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের পিছিয়ে গেছে। আদালত নতুন করে আগামী ১৮ জুন প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন। এর মাধ্যমে আলোচিত এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় ১২৬ বার পিছিয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন থাকলেও তদন্ত সংস্থা কোনো প্রতিবেদন জমা দিতে পারেনি। এ অবস্থায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরবর্তীতে নিহত রুনির ভাই শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সময় ধরে চলা এই মামলার তদন্তে একাধিকবার অগ্রগতি ও তদন্ত কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাব থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না আসায় রাষ্ট্রপক্ষ সময় বৃদ্ধির আবেদন করে। পরে ২০২৫ সালের ২২ এপ্রিল শুনানি শেষে আদালত আরও ছয় মাস সময় মঞ্জুর করে এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে।
বিজ্ঞাপন
পরবর্তীতে ২৩ অক্টোবর হাইকোর্ট আবারও তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে অতিরিক্ত ছয় মাস সময় দেয়। সর্বশেষ ২৬ এপ্রিলও তদন্ত কার্যক্রম শেষ করার জন্য আরও ছয় মাস সময় বাড়ানো হয়।
তবে ধারাবাহিক সময় বৃদ্ধির পরও এখনো তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়েনি, ফলে মামলাটির অগ্রগতি নিয়ে প্রশ্ন ও হতাশা বাড়ছে।








