Logo

ড. ইউনূস–আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১৮:২২
ড. ইউনূস–আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা মামলার আবেদন করেন। শুনানির সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং পরে সিদ্ধান্তের জন্য আদেশ অপেক্ষমাণ রাখেন। দিনশেষে আদালত মামলার আবেদনটি খারিজ করে দেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার আবেদনে সাবেক ও বর্তমান বিভিন্ন সরকারি, সামরিক ও শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তাকেও আসামি করা হয়েছিল। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিভিন্ন সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাসহ রাজউক ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

অভিযোগে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অবহেলা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করেই জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়নের অনুমতি দেওয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে বিপুল প্রাণহানি এবং বহু শিশু আহত ও পঙ্গু হয়।

এজাহারে আরও দাবি করা হয়, দুর্ঘটনার পর যথাযথ উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থা, ক্ষতিপূরণ এবং পুনর্বাসন কার্যক্রমে অবহেলা করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দেওয়ার কারণে ক্ষয়ক্ষতি আরও বেড়েছে বলে অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

বাদীর ভাষ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় তার সন্তানসহ একাধিক পরিবারের সদস্য প্রাণ হারান, অনেক পরিবার স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বহু শিশু দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে মোট ৩৬ জন নিহত হন, যার মধ্যে ২৮ জন শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও প্রাণ হারান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD