Logo

হামে মৃত্যু শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মে, ২০২৬, ১৩:৪৬
হামে মৃত্যু শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
ছবি: সংগৃহীত

দেশে হামে আক্রান্ত হয়ে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবীর পল্লব। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৫৫ দিনে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিন গড়ে অন্তত ছয়জন শিশুর মৃত্যু হলেও গত এক সপ্তাহে সেই হার বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন প্রায় ১০ জনে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন বিশ্লেষণ করে আরও জানা গেছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ, আর তুলনামূলক কম আক্রান্ত রংপুর বিভাগ। সর্বশেষ একদিনেই আরও ৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হিসাবকে ভিত্তি ধরলেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, দেশে টিকার সংকট এবং হামে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে সরকার কাজ শুরু করেছে। এত বিপুল সংখ্যক শিশুমৃত্যুর পেছনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, সেটিও তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

চিকিৎসকদের মতে, অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থেকে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি বেড়েছে। পাশাপাশি তীব্র গরমে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। তারা বলছেন, শিশুদের জ্বর, শরীরে র‌্যাশ বা হামজাতীয় উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

বিশেষজ্ঞরা আরও মনে করছেন, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো, টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD