সাবেক দুই প্রতিমন্ত্রীসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক দুই প্রতিমন্ত্রী, একাধিক সাবেক সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
রবিবার (১০ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ নির্দেশ প্রদান করেন।
আদালতের আদেশ অনুযায়ী মোট সাতজন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের আয়কর নথি সংগ্রহ ও জব্দ করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
তারা হলেন— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার স্ত্রী শেখ রূপা চৌধুরী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর এবং সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রী জিনাত পারভীন চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, এই সাতজনের বিরুদ্ধে পৃথক সাতটি আবেদনের মাধ্যমে আয়কর সংক্রান্ত নথি জব্দের আবেদন করে দুদক।
বিজ্ঞাপন
আবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা রয়েছে।
দুদকের পক্ষ থেকে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও অবৈধ সম্পদের উৎস উদঘাটনের জন্য অভিযুক্তদের আয়কর রিটার্নসহ আর্থিক নথিপত্র যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই যুক্তি বিবেচনায় আদালত সংশ্লিষ্ট আয়কর কর্তৃপক্ষকে এসব নথি জব্দের নির্দেশ দেন।








