Logo

সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের জামিন, তবে পাচ্ছেন না মুক্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১২:৫৩
সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের জামিন, তবে পাচ্ছেন না মুক্তি
সাংবাদিক দম্পতি রুপা-শাকিল | ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আংশিক জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে সব মামলায় জামিন না মেলায় আপাতত কারামুক্ত হতে পারছেন না তারা। সংশ্লিষ্ট আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত ফারজানা রুপাকে ৬টি মামলায় এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন মঞ্জুর করেন। এছাড়া তাদের বিরুদ্ধে থাকা আরও একটি করে মামলায় জামিন আবেদন সরাসরি মঞ্জুর না করে রুল জারি করেছেন আদালত।

ফলে সংশ্লিষ্ট সব মামলায় জামিন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সাংবাদিক দম্পতির মুক্তি মিলছে না বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

বিজ্ঞাপন

আদালতে তাদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলাসহ মোট সাতটি মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত পরে আদেশের জন্য দিন নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

গত ২১ এপ্রিল এসব মামলায় সাংবাদিক দম্পতির জামিন আবেদন নিয়ে শুনানি শেষ হয়। সেদিনই আদালত আদেশের জন্য ১১ মে দিন ধার্য করেন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন উপস্থিত ছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া ফজলুল করিম হত্যা মামলায় আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

পরে একই বছরের ২৬ আগস্ট রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় তাদের। এরপর ৩১ আগস্ট ওই মামলায় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার ও রিমান্ডের পর থেকেই আলোচনায় রয়েছেন এই সাংবাদিক দম্পতি। সর্বশেষ হাইকোর্টের এ আদেশে কয়েকটি মামলায় জামিন মিললেও বাকি মামলার আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের কারামুক্তির সম্ভাবনা নেই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD