Logo

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৪০ প্রার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ১২:৪৬
সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৪০ প্রার্থী
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শুরু হয়।

বিজ্ঞাপন

নির্বাচনে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি থাকবে। সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এবার ভোট অনুষ্ঠিত হচ্ছে। এসব পদে অংশ নিয়েছেন মোট ৪০ জন প্রার্থী। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে লড়ছেন মোহাম্মদ আলী। কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন মো. জিয়াউর রহমান। সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল। সদস্য পদে রয়েছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।

বিজ্ঞাপন

অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকেও বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে রয়েছেন আবদুল বাতেন। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী। সম্পাদক পদে লড়ছেন এ কে এম রেজাউল করিম খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম। সহ-সম্পাদক পদে রয়েছেন মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।

এদিকে এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল সভাপতি পদে কোনো প্রার্থী না দিলেও সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চুকে মনোনয়ন দিয়েছে। সহ-সম্পাদক পদের একটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা আসগর শরীফী। এছাড়া সদস্য পদে প্রার্থী হয়েছেন আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম।

বিজ্ঞাপন

প্যানেলভিত্তিক প্রার্থীদের বাইরে স্বতন্ত্রভাবেও কয়েকজন আইনজীবী নির্বাচনে অংশ নিয়েছেন। সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্পাদক পদে লড়ছেন ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খান। এছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে। দুই দিনের এই ভোটযুদ্ধ ঘিরে সুপ্রিম কোর্ট অঙ্গনে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD