Logo

মোবাইল টাওয়ারের বিকিরণ বিষয়ে গবেষণা প্রতিবেদন চাইল হাইকোর্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ১৬:১৭
মোবাইল টাওয়ারের বিকিরণ বিষয়ে গবেষণা প্রতিবেদন চাইল হাইকোর্ট
ছবি : এআই দিয়ে তৈরি

মোবাইল ফোন টাওয়ার থেকে নির্গত বিকিরণ মানুষের স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলছে, তা নিরূপণে গবেষণা পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে বিস্তারিত গবেষণা প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

আদালত সূত্রে জানা গেছে, মোবাইল টাওয়ারের বিকিরণজনিত সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি, পরিবেশগত প্রভাব এবং মানুষের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব রয়েছে কি না, তা বৈজ্ঞানিকভাবে যাচাই করতেই এই গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক কামরুল হাসানের প্রতিবেদনের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রকল্প গ্রহণ করা হবে।

তিনি বলেন, আদালত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বুয়েটের মাধ্যমে এ বিষয়ে গবেষণা পরিচালনার নির্দেশ দিয়েছেন। গবেষণায় মোবাইল টাওয়ারের বিকিরণের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি কতটা বাড়ছে, তা বিশদভাবে মূল্যায়ন করা হবে।

হাইকোর্টের আদেশ অনুযায়ী, গবেষণা কার্যক্রম সম্পন্ন করে আগামী ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। প্রতিবেদনে বিকিরণের মাত্রা, জনস্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব এবং প্রতিরোধমূলক করণীয় বিষয়ে সুপারিশ থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের একাংশ দীর্ঘদিন ধরে মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। বিশেষ করে আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে স্থাপিত টাওয়ারগুলোর কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে মত দিয়েছেন তারা।

যদিও এ বিষয়ে আন্তর্জাতিকভাবে ভিন্নমত রয়েছে, তারপরও সম্ভাব্য ঝুঁকি যাচাইয়ে বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

হাইকোর্টের এ নির্দেশনার ফলে দেশে প্রথমবারের মতো মোবাইল টাওয়ার বিকিরণ নিয়ে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক গবেষণার পথ আরও জোরালো হলো বলে মনে করছেন আইন ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD