Logo

জামিন পেলেন দুধের শিশুকে নিয়ে কারাগারে যাওয়া সেই নারী

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
১৩ মে, ২০২৬, ২১:০৩
জামিন পেলেন দুধের শিশুকে নিয়ে কারাগারে যাওয়া সেই নারী
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় দায়ের করা মারধরের মামলায় দুধের শিশুকে সঙ্গে নিয়ে কারাগারে যাওয়া ফারহানা আক্তার শিল্পিকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক শাহ জামাল মানবিক দিক বিবেচনা করে তার জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আদালতের পেশকার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির কোলে দুধের শিশু থাকা এবং বাড়িতে আরও দুই স্কুলপড়ুয়া সন্তান থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত জামিন মঞ্জুর করেছেন।

আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, মারধরের একটি মামলায় (সিআর-৫৬৫) ফারহানা আক্তার শিল্পি সোমবার (১১ মে) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে সেদিন আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে শিল্পিকে তার আড়াই বছরের শিশু সন্তান সিয়ামকে নিয়ে কারাগারে যেতে হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর প্রিজনভ্যানে শিশুকে কোলে নিয়ে বসে থাকা শিল্পির ছবি এবং তার অপর দুই সন্তান কারাফটকের সামনে অবস্থান করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রথমে শিল্পির আইনজীবী মহসিন কবির স্বপন সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে পোস্ট দেন। পরে স্থানীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জাতীয় পর্যায়েও বিষয়টি আলোচিত হয়।

সাধারণ নিয়ম অনুযায়ী কারাগারে যাওয়ার সাত দিন পর জামিন আবেদন করার সুযোগ থাকলেও, দুধের শিশুকে নিয়ে মায়ের কারাবন্দি হওয়ার ঘটনাকে বিশেষ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে আদালত দ্রুত জামিন মঞ্জুর করেন।

শিল্পির আইনজীবী মহসিন কবির স্বপন বলেন, ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে শিল্পিকে মারধর করা হয়েছে। কিন্তু তার হাতে কোনো রড ছিল না এবং তিনি কাউকে আঘাতও করেননি।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, মামলার এজাহারে গুরুতর আঘাতের কথা বলা হলেও চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেটে আঘাতকে সাধারণ ধরনের বলা হয়েছে। মামলাটি জামিনযোগ্য হওয়া সত্ত্বেও শিল্পিকে কারাগারে পাঠানো হয়েছিল।

এদিকে জামিনের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শিল্পির পরিবার। তার ভাই মো. আবু ইউছুফ বলেন, দুই দিন ধরে বাড়িতে থাকা শিশু সন্তানরা মায়ের জন্য কান্নাকাটি করেছে। আদালতের সিদ্ধান্তে পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা জানান, শিল্পি গত ১১ মে তার আড়াই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে কারাগারে আসেন। আদালতের আদেশ পাওয়ার পর তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার বাসিন্দা। জমি নিয়ে বিরোধের জেরে তার ওপর হামলার অভিযোগ এনে গত ১৫ এপ্রিল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় ফারহানা আক্তার শিল্পিসহ ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।

এজাহারে অভিযোগ করা হয়, শিল্পি লোহার রড দিয়ে বাদীর মাথার পেছনে আঘাত করেন, যার ফলে গুরুতর জখম হয়। তবে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে আঘাতের ধরন ‘সিম্পল’ বা সাধারণ বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিশু সন্তানসহ মায়ের কারাবাস নিয়ে মানবিক ও আইনি প্রশ্ন ওঠে। পরে আদালতের জামিন আদেশকে অনেকে মানবিক দৃষ্টান্ত হিসেবেও দেখছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD