রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারকে

ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে নেওয়া হয়েছে। রবিবার মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, মামলার তদন্ত কার্যক্রম শেষ করে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। অভিযোগপত্র দাখিলের পর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটি দ্রুত বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হতে পারে।
বর্তমানে সোহেল রানাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়েছে। অন্যদিকে স্বপ্না আক্তার রয়েছেন মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়।
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আদালতে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, দ্রুত বিচার কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে বাংলাদেশ পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পর বাসা থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পাঁচ দিনের মাথায় মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হচ্ছে।








