এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার শাজাহান খান ও তার ছেলে

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
সোমবার (৫ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়।
এরপর আসামিদের আইনজীবী মিজানুর রহমান বাদশাহ জামিনের আবেদন করেন। আদালত আগামী ১৫ অক্টোবর জামিন শুনানির দিন ধার্য করেছেন। একই সঙ্গে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তা জমা দিতে পারেনি দুদক। পরে আগামী ২৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসিবুর রহমান আয়করদাতা হওয়া সত্ত্বেও তার নামে মোট ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুদকের অনুসন্ধান অনুযায়ী, আসিবুর রহমানের নামে ৯ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৬৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত ও অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
অভিযোগে আরও বলা হয়, সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শাজাহান খান ক্ষমতার অপব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসদুপায়ে অর্জিত অর্থ দিয়ে ছেলে আসিবুর রহমানের নামে এসব স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে সহায়তা করেছেন।
এ ঘটনায় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে মামলাটি করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।








