৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

কিউ-ক্যাশ নেটওয়ার্কে প্রযুক্তিগত সমস্যার কারণে একসঙ্গে ৩০টির বেশি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হয়েছে। এ ঘটনায় নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কে প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার কারণে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত হয়। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রাহকদের স্বার্থ এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। পাশাপাশি সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা দ্রুত পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি যুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন চালু রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংক পরিচালিত BACPS, BEFTN ও RTGSসহ দেশের অন্যান্য পরিশোধ ব্যবস্থার কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।








