Logo

স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে আবারও পুরনো নিয়ম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৬, ১৩:০১
স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে আবারও পুরনো নিয়ম
ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজে অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়া ক্ষমতা প্রত্যাহার করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের সুপারিশ ও প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব আবারও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ফিরে গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে।

প্রকাশিত পরিপত্রে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক এমপিও পদে নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের ১০ জানুয়ারির নির্দেশনাই পুনরায় কার্যকর করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব সাইয়েদ এ জেড এম মোরশেদ আলীর সই করা পরিপত্রে বলা হয়েছে, এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের সুপারিশের ক্ষেত্রে আগের নির্দেশনা অনুসরণ করা হবে।

বিজ্ঞাপন

তবে ২০২৪ সালের নির্দেশিকার ২.৪ ধারার ‘ক’, ‘খ’ ও ‘গ’ উপধারায় উল্লেখিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগসংক্রান্ত বিধান এই পরিবর্তনের আওতার বাইরে থাকবে।

অন্যদিকে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া এবং অফিস সহায়কসহ অন্যান্য অশিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা বহাল রাখা হয়েছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের কাছ থেকে প্রত্যাহার করেছিল। সে সময় জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করে লিখিত পরীক্ষা, মূল্যায়ন এবং নিয়োগের জন্য সুপারিশ করার ব্যবস্থা চালু করা হয়। ওই কমিটিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কোনো সদস্যকে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সর্বশেষ জারি করা পরিপত্রের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাতিল করে আবারও পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে অশিক্ষক কর্মচারী নিয়োগের ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে অতীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি, ঘুষ ও আর্থিক লেনদেনের নানা অভিযোগ উঠেছিল। ফলে নতুন করে পরিচালনা পর্ষদের হাতে নিয়োগের ক্ষমতা ফিরে আসায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়সংগত প্রতিযোগিতা কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD